অনেকের সামাজিক যোগাযোগের প্রিয় মাধ্যম এখন ফেসবুক। অনেকেরই অবসর কাটে এখন ফেসবুকে প্রিয়জনের সঙ্গে আড্ডা দিয়ে। এই আড্ডা থেকে অনেক সময় গড়ে উঠে প্রেমের সম্পর্ক।
আবার কখনো কখনো ফেসবুকে ঘটে প্রতারনার মতো অনাকাঙ্খিত ঘটনা। ফেসবুকে ফ্যাক আইডি খুলে প্রতারনা করে নারী পুরুষ সেজে আর পুরুষ নারী সেজে। এক জরিপে দেখা যায়, এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতারিত হয় যুবকরাই। তাই প্রতারিতরা ফেসবুককে এখন অভিশাপ ভাবে, আবার প্রতারকরা ভাবে আশীর্বাদ। আসলে অপব্যবহারের কারণেই এ মাধ্যমটির অর্থবহতা হ্রাস পাচ্ছে।
ফেসবুককে অর্থবহ করে তুলতে এর নানাদিক নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে একটি নাটক। হুমায়ূন কাবেরীর রচনায় নাটকটির নাম দেয়া হয়েছে ‘ফেসবুক প্রেম’। এ নাটকের সবগুলো ঘটনাই ফেসবুককে কেন্দ্র করে, ফেসবুক ব্যবহারকারিদের নিয়ে এবং ফ্যাক আইডি হোল্ডারদের নিয়ে। হাস্যরসাত্মক সংলাপের মধ্যে দিয়ে নাটকের কাহিনী নির্মিত হয়েছে ফেসবুক ব্যবহারের সঠিক নির্দেশনা দিয়ে। নাটকটি দেখলে সকল শ্রেণীর দর্শকেরই ধারণা পাল্টে যাবে। পূরণ হবে ফেসবুক নিয়ে কৌতুহলীদেরও আকাক্সক্ষা।
এ প্রসঙ্গে নাট্যকার বলেন, ফেসবুক প্রেম নাটকটি আমি বর্তমান প্রেক্ষাপটকে ভেবে রচনা করেছি। তিনি বলেন, ফেসবুক যেমন যুব সমাজে বেশ জনপ্রিয়, তেমনি প্রেসবুক প্রেম নাটকটি প্রচার হলেও যুবকরা তা লুফে নেবে। কারণ নাটকে আমি এমন কিছু উপাদান দিয়েছি, যা সহজে যুব সমাজে নাটকটি দেখার ক্ষেত্রে আগ্রহ বাড়াবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান, আরিফ মাহবুব তমাল, কচি খন্দকার, হুমায়ূন কাবেরী, নাফা, অনন্যা, সুহৃদ জাহাঙ্গীর, রূপা, সিরাজুল ইসলাম প্রমুখ। নির্মাতা সূত্রে জানা যায়, ফেসবুক প্রেম নাটকটি আগামী বিশ্ব ভালোবাসা দিবসে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।