বিশ্বখ্যাত স্প্যানিশ পপগায়ক রিকি মার্টিন বিয়ের ঘোষণা দিয়েছেন। চলতি বছর ২৮ জানুয়ারি তিনি বিয়ে করবেন তার দীর্ঘদিনের সমকামী বন্ধু কার্লো গনজালেসকে। বিয়ের অনুষ্ঠানটি হবে নিউইয়ার্কে। কারণ রিকি মার্টিনের নিজের দেশ পুয়ের্টো রিকোতে একই লিঙ্গের সমকামীদের মধ্যে বিয়ে এখনও আইনগত বৈধতা পায় নি। এজন্যই বিয়ের আনুষ্ঠানিকতা পালন করতে রিকি নিউইয়র্ককে বেছে নিয়েছেন।
বিশ্বের সিংহভাগ দেশেই এখন পর্যন্ত সমলিঙ্গের মানুষদের বিয়ে অবৈধ। মার্কিন যুক্তরাষ্ট্রে গত বছরের জুন মাসে সমকামী বিয়ের আইনগত বৈধতা দেয়া হয়। রিকি সমকামীদের অধিকার আদায়ের পক্ষে দীর্ঘদিন ধরে সোচ্চার। ২০১০ সালে নিজেকে সমকামী হিসেবে ঘোষণা করেন এই সঙ্গীত-তারকা। নিজ দেশ পুয়ের্টো রিকোতে এই ব্যাপারে তিনি অনেক গণসংযোগ ও প্রচারণায় অংশ নিয়েছেন। কিন্তু একই লিঙ্গের সমকামীদের মধ্যে বিয়ের অধিকার প্রতিষ্ঠিত করতে পারেননি। সমকামীদের অধিকার আদায়কে প্রতিষ্ঠিত করার জন্যই রিকি মার্টিন গাঁটছড়া বাঁধতে চলেছেন তার সমকামী বন্ধু কার্লো গনজালেসকে ।
সমলিঙ্গের মধ্যে বিয়ের বৈধতা প্রসঙ্গে রিকি মিডিয়াকে বলেন, আমরা বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখি। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে আইন দিয়ে ঠেকিয়া রাখা অন্যায়। এটি মানবাধিকার লংঘন। অথচ আমার নিজ দেশসহ পৃথিবীর বেশিরভাগ দেশেই এই মানবাধিকারকে সম্মান দেখানো হচ্ছে না। আমি বিশ্বাস করি, সমকামীদের প্রতি এই বৈষম্য বিশ্ব থেকে দূর হবে শিগগিরই। কারণ আজকে যুক্তরাষ্ট্রে যা ঘটে, আগামীকাল সারা বিশ্ব তা অনুসরণ করে।
সমকামীদের অধিকার নিয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আন্তর্জাতিক ফোরাম ‘গে অ্যান্ড লেসবিয়ান অ্যালায়েন্স এগেইনস্ট ডিফেমেশন’ সম্প্রতি রিকি মার্টিনকে পুরস্কৃত করে।