আনন্দবাজারে আইয়ুব বাচ্চুর সাক্ষাৎকার

Posted by: hotwhat

Tagged in: Untagged 

hotwhat

আনন্দবাজারে আইয়ুব বাচ্চুর সাক্ষাৎকার


সঙ্গীত ভুলিয়ে দেয় তারের বেড়ার গন্ডি। ভুলিয়ে দেয় দেশ, কাল আর সময়ের ভেদাভেদ। আর বারবার ইতিহাস সাক্ষী থেকেছে সঙ্গীতের এই অপার মাধুর্যের। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতায় বাংলাদেশ উৎসবে এসে বাংলাদেশের ব্যান্ড মাস্টার তথা গীতিকার, সুরকার এবং গিটার বাদক আইয়ুব বাচ্চু আরও একবার এপারের মানুষকে মাতিয়ে দিয়ে গেলেন নিজের গানে, কথায়, আর গিটারের সুরে। এপার আর ওপার বলতে সঙ্গীতে যে কোনও পার্থক্য নেই তা বোঝা গেল উপস্থিত দশর্কদের উন্মাদনা আর উচ্ছ্বাসে। ঠিক সেই মুহূর্তেই তার সঙ্গে আলাপচারিতায় উঠে এল বতর্মান প্রজন্মের সঙ্গীত সম্পর্কে তার ভাবনা চিন্তা। কিন্তু ক্ষোভও জানালেন সিডির পাইরেসির রমরমা কীভাবে ধ্বংস করছে শিল্পকে। আর তাই নতুন অ্যালবাম তৈরি থাকলেও সিডির আকারে প্রকাশ করতে রাজি নন বাংলাদেশের এই সঙ্গীতকার। বরাবর নিজেকে ‘এবি’ বলে পরিচয় দিতে ভালবাসেন। ভালবাসেন ভারতে অনুষ্ঠান করতে। ভালবাসেন নতুন চিন্তা ভাবনায় রক মিউজিককে সর্বত্র ছড়িয়ে দিতে। এখানে তারই কথার কিছু টুকরো টুকরো মুহূর্ত।
 
প্রশ্ন : ভারতে এর আগে বহুবার অনুষ্ঠান করেছেন এবার কেমন লাগল?
উত্তর : এপার বাংলায় অনুষ্ঠান করতে বরাবরই ভাল লাগে। ভারতের মানুষ সমঝদার। সঙ্গীত বোঝেন, খুবই ‘লাভিং’।

প্রশ্ন : এপার বাংলা – ওপার বাংলা নিয়ে কী ভাবনা চিন্তা?

উত্তর : এই মুহূর্তে সিডি প্রকাশ নিয়ে কোনও চিন্তা-ভাবনা করছি না। সিডি রের্ডিংয়ের পরে বাজারে প্রকাশ করলে যে ভাবে পাইরেসি হচ্ছে তাতে সিডি নিয়ে ভাবছি না।

প্রশ্ন : নতুন অ্যালবাম নিয়ে কী ভাবনা চিন্তা?
উত্তর : নতুন গান তৈরি। কিন্তু সিডি হিসেবে প্রকাশ করব না। যতদিন সরকার এবং মানুষ পাইরেসি সিডি নিয়ে কোনও ব্যবস্থা নিচ্ছেন না বা সচেতন হচ্ছেন না, ততদিন গানের সিডি প্রকাশ করব না। গানকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে অন্য মাধ্যমের সাহায্য নেব।

প্রশ্ন : কোন genre নিয়ে এই মুহূর্তে আগ্রহী?
উত্তর : শুধুই রক। এবং অতি অবশ্যই হার্ড রক।

প্রশ্ন : এপার বাংলার কাদের গান শুনতে ভালবাসেন ?
উত্তর : লক্ষীছাড়া, ফসিলস্, চন্দ্রবিন্দু। ভূমির গানও ভাল লাগে।

প্রশ্ন : প্রিয় গায়ক?
উত্তর : শুধুই নচিদা। (নচিকেতা চক্রবর্তী)। দু-তিন জন হলে সুমনদা (কবীর সুমন), অঞ্জনদা আর রূপম ইসলাম।

প্রশ্ন : নতুন প্রজন্মের ব্যান্ড সম্পর্কে কী মতামত?
উত্তর : আরও খোলা মন নিয়ে কাজ করতে হবে। লিমিটেড চিন্তা শক্তি। আরও বড় করে চিন্তা করতে হবে। যে কাজই করুক খোলা মনে চিন্তা করতে হবে। আর যদি কেউ ভাবে হয়ে গেছে তাহলেই শেষ। শেষ বলে কিছু হয় না। ‘ইট’স আ জার্নি।’

প্রশ্ন : ভারতে যদি লাইভ অনুষ্ঠান করতে চান কাকে কাকে সঙ্গে চাইবেন?
উত্তর : ড্রামসে শিবমণি বা নন্দন বাগচী, গিটারে অমিত দত্ত, ভোকালে অঞ্জন দত্ত, বেস গিটারে লু হিলস।

সূত্র: আনন্দবাজার।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১২